কি ছু ব লা ক থা
তীব্র ভূমিকম্প কাঁপিয়ে দিয়ে লাশের স্তুপ গড়ে তুলতে তুলতে ক্লান্ত সিরিয়া-তুরস্ক।একটা অনির্ণিত হৃদবলয় ঘিরে থমকে দাঁড়িয়ে বেদনার মৃদু আস্তরণ।আমরা না পারছি হাহাকারের শব্দে বেজে উঠতে,আবার না পারছি নীরব অভিশাপ কুড়োতে।এমন একটা হাং ওভার অবস্থায় দৈনন্দিন ব্যস্ততার মধ্যে একটার পর একটা পার হয়ে যাবো কোলকাতা সহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত বইমেলা সহ অন্যান্য উৎসবগুলো। নতুন বইয়ের গন্ধ আর উৎসবের আমেজ নিতে নিতে হয়তো বিস্মৃত হয়ে যাবো আমাদের আশপাশের জ্বলন্ত সমস্যাবিম্বগুলো।চিৎকারগুলো ফিরে যাবে দরজায় কড়া নেড়ে অনভিপ্রেত ভিক্ষাজীবির মতো।ক্রমে দার্শনিক হয়ে চা-এর দোকানে বাগাড়ম্বর....
#
'নৌবত'পঞ্চদশ সংখ্যাটি পূর্ব ঘোষণা মতো ওয়েবজিন হিসেবে আপাতত শেষ সংখ্যা রূপে প্রকাশিত হয়ে গেল।এখন সকলের মতো আমারও অপেক্ষা তাকে অন্যরূপে না একইরূপে আবার ফিরে পাওয়ার ....
#
ইতিমধ্যে অনেক প্রিয়জনের সঙ্গে সঙ্গে সদ্য প্রয়াত হলেন বিশিষ্ট কথাসাহিত্যিক সুবিমল মিশ্র।অকাল প্রয়াত হলেন তরুণ কবি রাজকুমার আচার্য। তাঁদের সকলের প্রতি 'নৌবত' পরিবারের পক্ষ থেকে রইল বিনম্র শ্রদ্ধা।
#
'নৌবত'-র এসংখ্যাটিও অন্য সংখ্যাগুলোর মতো দু'বাংলার নবীন-প্রবীণ কবিদের কবিতার পাশাপাশি অনুবাদ কবিতা নিয়ে আলোকিত হয়ে রয়েছে।তবে,এই সংখ্যায় 'সম্পাদকের জানালা' কলামে কাউকে মনোনীত করা হয়নি।পরিবর্তে অগ্রজ দুই প্রিয় কবির পাশাপাশি এক তরুণ কবিকে নিয়ে কথা বলেছেন তিন প্রিয়জন। তাঁরা হলেন কবি রথীন কর,কবি-সুনীল গবেষক রফিক উল ইসলাম ও কবি-প্রাবন্ধিক পার্থসারথি গায়েন।আশাকরি অন্য সংখ্যাগুলোর মতো এটিও লেখক -পাঠক-শুভাকাঙ্খীদের ভালোবাসা থেকে বঞ্চিত হবে না।
#
বাংলা ভাষার জয় হোক।ভাষা দিবস যথার্থ হোক।
সকলকে আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা...
ছবি ঋণ-গুগল ও অন্যান্য

Comments
Post a Comment