ক বি উ মা ব ন্দ্যো পা ধ্যা য়


 উমা বন্দ্যোপাধ্যায় 

জন্ম:-১৯৫৭ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়ায়।ছেলেবেলা কেটেছে বর্ধমান জেলার রূপনারায়ণপুরে। সাহিত্যের ছাত্রী উমা ছোটবেলা থেকেই কবিতার অনুরাগী । প্রথম কবিতা প্রকাশ হয় ১৭ বছর বয়সে।ইংরেজি কবিতার অনুবাদের শুরু কম বয়স থেকেই।স্কুলের গন্ডি পেরিয়ে কলকাতার স্কটিশ চার্চ কলেজ থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক,তারপর কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৭৮ -এ ইংরেজি সাহিত্যে স্নাতকোত্তর।১৯৯৬ তে  প্রথম বই , কবিতা সংকলন ' হৃদপিণ্ড শব্দ খোলে'।পরবর্তীতে ১৯৯৭ তে ছোটগল্প সংকলন' ছায়াময় ও দু-একটি মানুষ ,  ' চেনামুখের ধারাভাষ্য ' ২০১৩ তে প্রকাশিত হয় । ২০১৭ য় প্রকাশ হয় কবিতা সংকলন 'জারুলের নিচে সন্ধ্যা '  আর গল্প সংকলন ' রম্যগীতির দিনগুলি '। উমা কিছু অনুবাদের কাজও করেছেন । সাম্প্রতিককালে  কবি অগ্নি বসুর ইংরেজি কবিতার অনুবাদসহ Frozen Music বইটি প্রকাশিত হয়েছে । সাম্প্রতিকতম কাব্যগ্রন্থ 'অক্ষরভূমি মধুপর্ণা'।


দুটি কবিতায়

কবি উমা বন্দ্যোপাধ্যায়














হৃদয়


এখানে নরম ঘাসে বসো ।

কে যেন বলবে ভালোবেসো।

হৃদয়ে সংকীর্ণ এক খাঁড়ি

জল, নামা ওঠা ,অতল অতল ;

আমাদের ডিঙি সম্বল;

নেমে যাই , উঠেছি জোয়ারে।

কেউ বুঝি চেনাবে জীবন!

বুনে দেবে কদমের বন

আষাঢ়ের মাসে!

যদি কোনও নিভৃত  খননে

ভীরু বীজ মরে মনে মনে;

কেউ বুঝি বলে পাতা হোক !

হৃদয় অদ্ভুত এক খাঁড়ি

দু' পাশে  শিকড় বাহারি;

ওঠে নামে জল ,ঘোলাটে অতল;

নেমে যাও, নেমে যাও আরও।

অথবা নিবিড় হতে পারো,

ঘাসজন্মে , মাটির আশ্বাসে ভালোবেসে.....



চাওয়া 


চাইতে গেলেই এক দীর্ঘ পথ পেরোতে হয়।

সবুজ ও বাদামী দরজা ঠেলে,

অনভ্যস্ত বিস্তীর্ণ পাথুরে জমিতে

রেখে আসা ঘুম ।কাদের বাগানবাড়ি !শত শত

মুখ ।খেয়ালি দেয়াল যখন তখন ভেঙে পড়ে ।

এসব অন্দরে আর বাহির মহলে

রেখে ঢেকে , পথের সন্ধান 

এসে পড়ে ,জ্যোৎস্নার ভেতরে এক গলিপথে

অতর্কিতে ,বনের আবাসে ,যেখানে অন্য

ভুবন এক ডাক দিতে আসে,

হরিণীর চোখের বিষাদ আর

সমর্পণ লেগে থাকা ঘাসে

কুড়োনো শিশির , দিয়ে দেয় ভেজার অভ্যাস;

যা তুমি আজন্ম চাও,

তাই দিয়ে চলে যায় স্থির ।

দীর্ঘ দীর্ঘ পথ চলার পরে

অন্তর চিনে নেয় সে চাওয়া  অধীর... 


Comments

Post a Comment

Popular posts from this blog

কি ছু ব লা ক থা

সূ চি প ত্র

ক বি আ ব দু স শু কু র খা ন