ক বি কা না ই লা ল জা না


কবি কানাইলাল জানা

জন্মঃ-২৭ ফেব্রুয়ারি ১৯৫৭। শিমুলিয়া,ভীমেশ্বরী বাজার, ভগবানপুর, পূর্ব মেদিনীপুর। 

প্রথম কবিতা প্রকাশ ১৯৭৬ সালে 'নবযুগ'-এ।শিক্ষাঃ সেন্ট জেভিয়ার্স কলেজ থেকে সাম্মানিক স্নাতক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের স্নাতকোত্তর।পেশাঃ পশ্চিম বঙ্গ সরকারের কারাদপ্তরের অধীনে অধ্যক্ষ পদে থেকে অবসর। ছিলেন কারাবাসীদের পত্রিকা 'নবার্ক' এর কার্যকরী সম্পাদক। ১১ টি কাব্যগ্রন্থ ও একটি নির্বাচিত কবিতা গ্রন্থ প্রকাশিত। 

২০২৩ কলকাতা বইমেলায় প্রকাশিতব্য কাব্যগ্রন্থ: রৌদ্রধোয়া রৌপ্যযুগ (আদম)

সম্মাননাঃ কবিতা পাক্ষিক সম্মান, সুধীন্দ্রনাথ দত্ত স্মৃতি পুরষ্কার, কবিতা সিংহ স্মৃতি পুরষ্কার, তারক সেন স্মৃতি পুরষ্কার, শঙ্খ ঘোষ স্মৃতি সম্মাননা ইত্যাদি। 


দুটি কবিতায়

কবি কানাইলাল জানা














শৃকর জন্ম


স্বপ্নে আমার শূকর জন্ম হয়। ঘ্যোঁৎ ঘ্যোঁৎ শব্দে গিলে ফেলি আলু পটলের সঙ্গে সংসারের নানাবিধ বিষয়- আশয়। কিন্তু পেটের মধ্যে তারা এমন গজগজ গিজগিজ করতে থাকে, নিজেকে খুব ভারী লাগে বলে অস্বস্তি হয়...


স্বস্তি পেতে উগরে দিই। তখন যে তাজা সংসার প্রকাশিত হয় তাকে ছোঁয়া যায়না,কেবল চেয়ে চেয়ে দেখতে হয়...


বরফ-রাজ্য


দলছুট হাতির মতো আমার একলা মন বেরিয়ে পড়েছে শহর দেখতে। তখন বরফ পড়ছে চারদিকে। বরফে ঢেকে যাচ্ছে বাস্তবের সঙ্গে পরাবাস্তব। ছোঁ মেরে ঘটমান বর্তমানকে তুলে নিচ্ছে হি হি করে কাঁপতে থাকা হাওয়া। জানলার ফাঁকে উঁকি মারছিল বিশ্বাসের সঙ্গে যে অবিশ্বাস জমে গেছে সেই কখন! পেটফোলা আকাশের মতো গর্জনরত ফুটপাথ চাইছৈ বেরিয়ে আসতে। প্রচন্ড কাশছে খেয়ালি নির্জনতা, সে চায় নি:শব্দ পাতাল প্রবেশ ...

বরফ কুচি নিয়ে খেলতে খেলতে বাচ্চারা হাঁকছে: 'কী মজা আমরা একটা বরফের রাজ্য পেলাম।' বেশ হয়েছে কাজকর্ম, চিন্তা ভাবনা, মনোরম দৃশ্য সবই জমে আছে বরফে। এসব দেখে চুপ করে থাকল একলা মন যতক্ষণ না গরম হাওড়া ছুটে আসে সুনামির আওয়াজে..



Comments

Popular posts from this blog

কি ছু ব লা ক থা

সূ চি প ত্র

ক বি আ ব দু স শু কু র খা ন