ক বি কু শ ল মৈ ত্র
কুশল মৈত্র
জন্ম: ৮ মার্চ ১৯৭৮, কল্যাণীতে। কল্যাণীতেই তার বেড়ে ওঠা ও বসবাস। মূলত কবি হলেও গল্প, প্রবন্ধ, বুক রিভিউ, প্রতিবেদন--নানা ধরনের গদ্য রচনায় সিদ্ধহস্ত। ইতিমধ্যেই তাঁর লেখা বহু কবিতা, গল্প এবং প্রবন্ধ নিয়মিত প্রকাশিত হয়ে চলেছে বিভিন্ন পরিচিত ও প্রতিষ্ঠিত পত্রপত্রিকায়। বর্তমানে সর্বেন্দু মৈত্র এই ছদ্মনামেও বিভিন্ন পত্রপত্রিকায় লিখছেন কবি। 'মৈত্রীদূত' নামে একটি সংবেদনশীল সাহিত্য পত্রিকার সম্পাদনা করেন তিনি। যেটি ১৯৭৯ সাল থেকে তাঁর পিতা সুখেন্দু বিকাশ মৈত্র দেওয়াল পত্রিকা হিসাবে পথ চলা শুরু করেছিলেন। আর শৈশবে এই 'মৈত্রীদূত'-এ তাঁর প্রথম কবিতা প্রকাশ পায়।
'আজও তুমি আলেয়া' (২০১৯) তাঁর প্রথম কাব্যগ্রন্থ, দ্বিতীয় কাব্যগ্রন্থ 'অপরাহ্ণের সন্ন্যাতসী মেঘ' (২০২১), তৃতীয় কাব্যগ্রন্থ 'ইরেজারে মুছে গেছে পেন্সিল যাপন' (২০২১), চতুর্থ কাব্যগ্রন্থ ‘দহনের মায়াছবি’ (২০২১)। পঞ্চম কাব্যগ্রন্থ ‘জ্যামিতি ভাঙছে আলো’ প্রকাশের পথে। এছাড়া একটি গল্প ও প্রবন্ধের বইয়ের কাজও চলছে।
দুটি কবিতায়
কবি কুশল মৈত্র
ভোর-স্বপ্নের কলিংবেল
হঠাৎ হঠাৎ ভোরের স্বপ্নরা কলিংবেল বাজাতে থাকে অবিরাম। চলে যাই মনের গোপন সুড়ঙ্গপথে। যেখানে দাঁড়িয়ে রয়েছে বৃষ্টিতে স্নাত আজও একজন। মুখচ্ছবি পাল্টায়নি একটুও। চোখ এখন সমুদ্রের ঢেউয়ে কামনা আনে। প্রেমিকের বুকে লেগে আছে ধারালো ছুরি। দ্বিখণ্ডিত আপেল চুষে খেতে খেতে লিপস্টিক উধাও। হাত দুটি ক্রমশ ছুটে বেড়াচ্ছে শরীরের নানা সুড়ঙ্গ পথ ধরে। ভালোবাসার প্রতিশ্রুতির বাণী সাবান জলে ফেনা তুলেছে অনেক। সেখানে নগ্নতাকে লুকিয়ে রেখেছি অপেক্ষার কুয়াশা প্রাচীর জুড়ে...
ফিরে দেখা
আজ মন খারাপের সকালটাকে সঙ্গে নিয়ে বসে আছি একাকী। ব্যালকনিটা বিষণ্ণতায় ভরা। ফেলে দেওয়া জীবনটাকে কুড়িয়ে নিয়েছে নদী। সেও সব ভুলে গিয়ে মিশতে থাকে সমুদ্রে। ঢেউগুলি সামনাসামনি হতেই লজ্জাবতীর পাতাগুলি নুইয়ে পড়েছে। অ্যালবামখানি রঙিন থেকে কেমন সাদাকালোয় মিশে গেল। যন্ত্রণায় স্মৃতির চাদর নিয়ে বসে। চড়াই-কাকেদের নেই আনাগোনা। মৃত কথাগুলি ভিজিয়ে দিচ্ছে বৃষ্টি নিরবধি।
মরা নদীটির স্মৃতি হৃদয় অন্তরে বলছে—তুমি কি হারালে তা তুমি নিজেই বুঝতে পারলে না...


Comments
Post a Comment