ক বি রি নি গ ঙ্গো পা ধ্যা য়
জন্ম:-১৯৮২ সালে ব্যারাকপুরে। পড়াশোনা ব্যারাকপুর গার্লস হাই স্কুল, স্কটিশ চার্চ কলেজ ও পরে কলকাতা বিশ্ববিদ্যালয়ে। গবেষণা করেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে। গবেষণাধর্মী বই- বাংলা সাহিত্য ইতিহাসের ইতিহাস।প্রথম উপন্যাস -করোনার দিনগুলি ও প্রেম। প্রথম কবিতার বই - প্রতিহিংসা ভরা খাতা
বর্তমানে সেন্ট জেভিয়ার্স কলেজে অধ্যাপনা করছেন। বাড়ি টালিগঞ্জ।
দুটি কবিতায়
কবি তিনি গঙ্গোপাধ্যায়
১
দীর্ঘ দীর্ঘ অপেক্ষা পার করে তোমায় ডাকি
সাড়া না দিয়ে ব্যস্ত হয়ে যাওয়া তোমার পলায়ন
বুঝেও নির্বোধের মতো অপেক্ষা ঝুলে থাকে নিরাসক্তির ডালে
বৃষ্টি আর সোঁদা গন্ধ ক্ষণিকের অতিথি
হলদে সর্ষে ফুলের ভবিতব্য যে চটচটে ঝাঁঝ ভেবে আরাম পাই
তবু হে সঙ্গতি তুমি ওদের পাড়ায় হেসে বেড়াও
এ পাড়ার টকটকে লাল রঙের মেয়েটির কাজল গলে যায়
ধ্বন্যাত্মক শব্দের বরফ গলে না।
২
এসো তোমায় লিখি, আবারও লিখি
এযাবৎ লেখা আমার সব শিরিষ পাতায়
তোমার নাম ঘষে ঘষে খোদাই হয়ে গেছে
সেসব জীর্ণ উপমা ফেলে ছড়িয়ে এবার
সম্পর্কের নতুন গন্ধে ভরব আমার নিজস্ব উপমহাদেশ
শুক্ল পক্ষের চাঁদের বুড়ির কাছে শিখব নিশ্চিন্তির চরকা কাটা
তারপর গোপন স্নান সেরে যদি হয়ে উঠি সাধারণ গাঁঘর
সেও পরম তৃপ্তি বলেই আসবে সাদামাটা ঘুম।
পড়ে থাকবে আমার আখর ভরা উথাল পাতাল
পড়ে থাকবে সেইসব অনির্দেশ্য বিরহ যাপন
বন্ধ ট্রাঙ্কের পাশে বসে পান চিবোতে চিবোতে নিজেকে অবাক করে আমি আবারও লিখব
তোমাকেই...
তুমি, যে হারিয়ে যেতে চেয়েছ আমার জীবন জুড়ে।


Comments
Post a Comment