ক বি দি লী প কু মা র প্রা মা নি ক
দিলীপ কুমার প্রামানিক
শূন্য দশকের বলিষ্ঠ কবি,তিনি ডায়মন্ড হারবার,দক্ষিণ ২৪ পরগনায় থাকেন।ইতিমধ্যে তার পাঁচটি একক কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে,কলকাতা বইমেলা ২০২৩ এ তার আরও তিনটি কাব্যগ্রন্থ প্রকাশিত হবে।ইতিমধ্যে তিনি বহু পুরস্কারে ভূষিত হয়েছেন।
দুটি কবিতায়
কবি দিলীপ কুমার প্রামানিক
কবিতার পরবাস
বুকের ভিতর ম্রিয়মাণ কষ্টকে জমিয়ে রেখে
কবিতাকে ঘর দেবো বলে
বে ঘর হয়েছি কতবার,
যন্ত্রণার মোড়ক খুলে ধুয়ে রাখি
হৃদয়ের কোষ,সবকিছু বুঝে নেবো ভেবে।
আজ একবার স্তব্ধ সকালের কাছে হাত পেতে বসতে চাই,
সব দ্বিধা মুছে কবিতার সাথে সন্ধির আশায়
একত্রে বহুদূর হেঁটে যাই,
দিনগুলো পড়ে থাকে মনমরা আগুনের কাছে,
আগুন উস্কে দিলে কবিতারা ঘরে আসে
ভালোবাসা সকাল হয়ে যায়
আর অসম্ভব কষ্টগুলো স্মিত হেসে
কবিতাকে বুকে ধরে,
পাণ্ডুলিপির কোলাজ তৈরি করে সমুদ্রে ভাসায়,
কবিতাও ভেসে থাকে এক আকাশ
বুকের ভিতর,কষ্টের বাগানে।
ঠোঁটের ফাঁকে
একটু হাসবো ভেবে ঠোঁট ফাঁক করতেই
কিভাবে যেন হেসে উঠলো রোদ্দুর,
বৃষ্টির প্রকোপ নেই কোথাও
শুধু মেঘবাষ্প চারপাশের ভারসাম্য বজায় রাখছে,
সাদা খরগোশের মতো হামাগুড়ি দিচ্ছে ইচ্ছা,
মনের কোথাও আনন্দ পাক খাচ্ছে,
আমি রোদ্দুরকে কিভাবে বোঝাব
সূর্যের কাছে আমরা কতটা ঋণী,
আমার ঠোঁটের ফাঁকে তখনও
উদ্বৃত্ত আনন্দকে ধরে রাখার আকুল চেষ্টা,
অরুণাচলের পথে সেইসময় ধীরে ধীরে কারাবাস মুছে যাচ্ছে।


Comments
Post a Comment