ক বি রা খ হ রি পা ল
রাখহরি পাল
জন্ম:-১২ ফ্রেব্রুয়ারী, ১৯৫৫ খ্রিস্টাব্দে পশ্চিম মেদিনীপুর জেলার খড়্গপুর -২ পুলিশ থানার অন্তর্গত চাঙ্গুয়াল গ্রামে।এ গ্রামের স্কুলে প্রাইমারী ও মাধ্যমিক শিক্ষা।১৯৭২-এ স্কুল ফাইনাল পাশ করে খড়্গপুর কলেজে ভর্তি হন,কলেজে ১৯৭৩সালে প্রিউ,১৯৭৬ সালে গনিতে অনার্স সহ বি.এসসি পাশ করেন।১৯৭৮ সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিশুদ্ধ গণিত বিভাগে মাস্টার ডিগ্রী অর্জন করেন।গ্রামের স্কুলেই গণিত শিক্ষক হিসাবে কর্মজীবন শুরু,পরে অধ্যাপক হন।প্রথমে মুর্শিদাবাদ জেলার ডি.এন.সি কলেজ পরে পশ্চিম মেদিনীপুর জেলার (অধূনা ঝাড়গ্রাম জেলার) ভি.এস.মহাবিদ্যালয়ে (মাণিকপাড়া) অধ্যাপনা করেন।২০১৫ সালে ৩৫ বছরের শিক্ষকতা জীবন শেষে অবসর গ্রহন করেন।গণিতের শিক্ষক হলেও সাহিত্যের প্রতি অনুরাগ ছিল বরাবরই।তার কবিতা কলকাতা বিশ্ববিদ্যালয় এর ক্যাম্পাস কবিসম্মেলন,দেশ,প্রতীতি,আপনজন,জ্বলদর্চি,বালিভূমি প্রভৃতি পত্রিকাতে প্রকাশিত হয়েছে।তাঁর প্রকাশিত কাব্য গ্রন্থগুলি,---আর একটা শূন্য,কোনো গল্প নেই, মিথ্যে সাঁকো,উদাসীন স্মৃতি।
দুটি কবিতায়
কবি রাখহরি পাল
পরোয়ানা
যে পথ পেরিয়ে সন্ধ্যার কাছে আসি
তার কোনো নকশা ছিল না হাতে
অসংখ্য চোখে সাঁতার কেটেছে অবিরাম জলচর
জলরেখাগুলি সেইমতো,অনুগামী
পথ রেখে দেয় ধুলি,কীর্তির সহচর।
মেঘ ছিল ফল-ভারে নত বৃক্ষের বন্দনা
বিদ্যুৎ শিহরণ আলগা করেছে আবৃত বল্কল
শ্রাবণের রাত ঝরে গেছে দ্বিধাহীন
কখনো-সখনো এসব কথার গুঞ্জন ওঠে,শুনি
তার কিছু ভুল প্রসাদী থালায় রেখে যায় সংশয়।
মোহনার তীরে নদি চর বড় নির্জন প্রান্তর
এখানে সময় জড়ো করে রাখে পরিণাম পরিচয়
প্রাসাদ কিংবা কুটীর, গুঁড়ো গুঁড়ো ধুলিকণা
এখানে আকাশ নৈঃশব্দের, অপলক চেয়ে থাকে
কখন ঈগল ড্রপ করে যায় মৃত্যুর পরোয়ানা।
সময় জানে না
১.
স্পর্শকাতরতার মধ্যে প্রচ্ছন্ন ইন্ধন থাকে
প্রলুব্ধ হাত ছুঁয়ে দিলে অতীন্দ্রিয় অনুভব
এ রহস্য বড় নির্জন উপত্যকা
এখানে চাঁদ আঁচল ভাসিয়ে সাঁতার কাটে ঝর্ণার জলে।
২.
অদৃশ্যের কল্পনায় অলৌকিক প্রশ্রয়
শিস দেয় মুগ্ধতার ডালে
যেমন দেখেছে তাকে ধূসর বাউল
তেমন-ই বেজেছে তার আনন্দ-লহরী গোপন আহ্লাদে।
৩.
যে পথের গন্তব্য থাকে না
সেই পথ-ই গন্তব্য হয়ে ওঠে
অসীমের প্রান্ত থেকে ধ্বনিত যে সুর
'রুনু ঝুনু'---বুঝি তার বন্দিত পায়ের নূপুর।
৪.
ধনুক ছিলার মতো পাতা সাঁকো
ছুঁয়ে আছে দুই প্রান্ত অনন্ত অবধি
কে যে কখন আচ্ছন্ন পতঙ্গের মতো
পেরিয়ে যায় আকাশ-গঙ্গা– সময় জানে না।


Comments
Post a Comment