ক বি ম তি ন রা য় হা ন


 মতিন রায়হান

জন্ম:-২২ জুলাই ১৯৬৭,কুমিল্লা জেলায়।প্রকাশিত বই :

কবিতা:-তিতাস পুরাণ (১৯৯৬), পাতাকাহিনীর খোঁজে (২০০২), আগলে রাখি নদীর সম্ভ্রম (২০১২), নদীমগ্ন বাউলের গান (২০১৯), ও প্রেম মায়াগন্ধা (২০২১)।কবিতা ও গদ্যভাষ্য : পুষ্পগাথা পুষ্পকথা (২০১৮)।গদ্য : আলাপন ও অন্যান্য (২০১৪), আমাদের ছায়াতরুগণ (২০১৮), বাংলাদেশের উৎসব (২০০২), আমাদের সুন্দরবন (২০০২), স্বাধীনতা সংগ্রামে যোদ্ধা নারী (২০০২)।জীবনী : লালন শাহ (২০০২), শেরে বাংলা এ কে ফজলুল হক (২০০২), মরমি কবি হাছন রাজা (২০০২), পল্লীকবি জসীমউদদীন (২০০২) ও নবাব সিরাজদ্দৌলা (২০০২)।


দুটি কবিতায়
কবি মতিন রায়হান

একজন কবি : নিদ্রা ও জাগরণে


কবিকে রেখেছি ধরে বুকের কিনারে, ভালোবেসে


কী গভীর প্রেমে তাঁকে নিয়ে থাকি নিদ্রা ও

জাগরণে; কাশের উপমা হয়ে তাঁর সাদা চুল

প্রকৃতিতে এক জলরঙা ছবি; যে ছবিতে

চাঁদমালা ফুল কবির হৃদয়; কবি তো সবুজ বাংলাদেশের নাম সহজাত শব্দবন্ধে; তাঁকে

কি কখনো অনাত্মীয় ভাবা যায়? আহা, সেই

হাসিমাখা স্নেহার্দ্র মুখটি কতদিন দেখি না!

কেমন আছে আমাদের হৃদয়ের স্বাধীনতা?

বুকের গভীরে জ্বলে এক ফোঁটা কেমন অনল!

দ্বিতীয় মৃত্যুর আগে শোনাতেই চাই প্রথম যে গান;

শুনবে তো? নগর ঢাকার বুকে এখনো কেমন

নাম ধরে ডাকে মেঘনার পাড়াতলী গ্রাম : আয় শামসুর! সম্প্রীতির গান বাজে রৌদ্র করোটিতে;

স্বপ্ন দ্যাখে বাংলাদেশ কর্মনিষ্ঠ জনস্রোতে ভেসে


কবিকে রেখেছি ধরে বুকের কিনারে, ভালোবেসে!


বাঙ্ময় ত্রিভুজও একদিন


কী বাঙ্ময় আর রসসিক্ত ত্রিভুজভূমিটা 

                       ক্রমশ নিষ্ফলা হয়ে গেল!

পর্যাপ্ত হাওয়া দিলেও এখন আর সাড়া মেলে না

কী নিস্তেজ আর কী নিষ্ক্রিয়!

শুকনো খরখরে পথরেখা

সামান্য পথ মাড়াতেও অপারগ পথিক

এমনটাই অকেজো যে সূর্যস্নান আর

উচ্ছ্বাসের গল্পে সামান্যও মেতে ওঠে না!

অথচ একদিন কী সব দুর্দান্ত গল্পে 

পাড়ি দিতো দীর্ঘ নিদ্রাহীন বুনো রাত

স্বপ্নে কিংবা জাগরণে 

                তেমন রাতের কাছে

আজও তবে ফিরে ফিরে যাই

একদিন শূন্য হাতে সবাইকে ফিরে যেতে হয়

কাঙ্ক্ষিত নারীদেহসুষমা

পৃথিবীর তাবৎ সৌন্দর্য 

একদিন ডুবে যায় দূর অস্তাচলে 

হয়তো আবার জেগে উঠবে 

নতুন কোনো পৃথিবী

সুফলা রসসিক্ত ত্রিভুজভূমিটিও!




 











 










 








Comments

Popular posts from this blog

কি ছু ব লা ক থা

সূ চি প ত্র

ক বি আ ব দু স শু কু র খা ন